
স্পোর্টস রিপোর্টার ॥
পড়ন্ত বিকেলে ক্রিকেটের মাঠে অফ স্পিনের ম্যাজিক দেখিয়ে মোস্তাক হোসেন ঈদ পুনর্মিলনী টাঙ্গাইল প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কোষাধ্যক্ষ একাদশকে তুলে এনেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শহরের এতিম খানা মাঠে টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের শেষ খেলায় কোষাধ্যক্ষ একাদশ প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে ৭ রানে সম্পাদক একাদশকে পরাজিত করে ফাইনালে সভাপতি একাদশের মুখোমুখি হচ্ছে। আগামীকাল বুধবার (১ এপ্রিল) একই মাঠে একই সময়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
খেলায় টস জয়ী সম্পাদক একাদশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। টসে হেরে কোষাধ্যক্ষ একাদশ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুমন কুমার রায় সর্বোচ্চ ৩৬, আবু সাঈদ ১৭, মোস্তাক হোসেন ১৬, সোহেল তালুকদার ১২ রান করে। বোলিংয়ে মালেক আদনান ২১ রানে ৩টি উইকেট দখল করে।
জবাবে সম্পাদক একাদশ দূরন্ত সূচনা করলেও অফস্পিনার মোস্তাক হোসেন বোলিংয়ে আসার পর সম্পাদক একাদশের রানের গতি কমে যায়। মোস্তাক হোসেনের চমৎকার চতুর বোলিংয়ে সম্পাদক একাদশের অনুপম, কাজল ও অরণ্য ইমতিয়াজ আউট হলে সম্পাদক একাদশ পরাজয়ের পথে এগিয়ে যায়। শেষ দিকে মালেক আদনান ও মাসুদুল হকের চেষ্টা বিফলে যায়।
সম্পাদক একাদশ ১৯ ওভার ৫ বলে ১২৫ রানে অলআউট হলে ৭ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। সম্পাদক একাদশের পক্ষে তারেক রহমান সর্বোচ্চ ২০, অধিনায়ক ইফতেখারুল অনুপম ১৬ রান করে। এছাড়া মাসুদুল হক ১১ ও মালেক আদনান ১০ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের মোস্তাক হোসেন ১৫ রানে ৪টি উইকেট দখল করে। এছাড়া সুমন কুমার রায় ৪৫ রানে ২টি, আবু সাঈদ ও সোহেল তালুকদার প্রত্যেকে ১টি করে উইকেট দখল করে।
খেলায় আম্পায়ার ছিলেন নির্মল কুমার ভৌমিক ও উত্তম গৌড় এবং স্কোরার রাজীব হাসান রানা।






