
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী এ আয়োজন বিদ্যালয় প্রাঙ্গণকে পরিণত করে এক প্রাণবন্ত মিলনমেলায়। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি টাঙ্গাইলের গৌরব ও ঐতিহ্যের প্রতীক। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। আমার জন্য দোয়া করবেন। টাঙ্গাইলের উন্নয়নের জন্য আমার প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নাটক ও কৌতুক পরিবেশনের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরে। রবীন্দ্র ও নজরুল সংগীত থেকে শুরু করে লোকগীতি ও ব্যান্ড সংগীত, বিভিন্ন পরিবেশনায় মুগ্ধ হয় উপস্থিত দর্শকরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে আরও উৎসবমুখর ও স্মরণীয়। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে ১৪৭ বছরের গৌরবময় ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি বিদ্যালয়ের ভবিষ্যৎ অগ্রযাত্রার প্রত্যয় ব্যক্ত করা হয়।






