
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাতটি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী এ অভিযানে সাতটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে। এতে মোট ২৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও একটি ইট ভাটার কিলন ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল।
অভিযানে ঘাটাইল উপজেলার ব্রাহ্মনশাসন এলাকার স্বদেশ ব্রিকস ফিল্ডের কিলন ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ভাটার কার্যক্রম বন্ধ ঘোষনা করে পাঁচ লাখ টাকা জরিমানা, লাউয়াগ্রাম এলাকার লিটন ব্রিকসের কার্যক্রম বন্ধ ঘোষনা করে পাঁচ লাখ টাকা জরিমানা, ঘাটাইল ব্রিকসের কার্যক্রম বন্ধ ঘোষনা করে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা, চাঁনতারা এলাকার মৌ ব্রিকসের কার্যক্রম বন্ধ ঘোষনা করে দুই লাখ টাকা জরিমানা, এম এম ব্রিকসের কার্যক্রম বন্ধ ঘোষনা করে পাঁচ লাখ টাকা জরিমানা, নবযুগ বিকসের কার্যক্রম বন্ধ ঘোষনা করে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং হরিপুর এলাকার ডিজিটাল ব্রিকসের কার্যক্রম বন্ধ ঘোষনা করে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান চলাকাল টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা এ এইচ এম জিয়াউর রহমান, বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর টীম উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানান হয় পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।





