
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে তিন ফসলি জমির টপ সয়েল (উপরিভাগের মাটি) ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের তিনটি গ্রামে প্রায় দুই মাস ধরে এভাবে দিনে-রাতে অবাধে মাটি কেটে নিচ্ছে একটি চক্র। এতে ওই এলাকায় ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষি বিভাগসহ সংশ্লিষ্টরা। প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।
সরেজমিন দেখা গেছে, ফতেপুর ইউনিয়নের বহনতলী, নিশ্চিন্তপুর ও মুশুরিয়াঘোনা গ্রামের জমি থেকে এক্সক্যাভেটর দিয়ে মাটি কাটা চলছে। এসব মাটি ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে বহনতলী গ্রামের পূর্ব পাশে ও নিশ্চিন্তপুর গ্রামের পশ্চিম পাশে শত একরের বেশি তিন ফসলি জমির দুই থেকে আড়াই ফুট গর্ত করে মাটি কাটা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বহনতলী গ্রামের বাসিন্দা জানান, মাটি কাটার সঙ্গে স্থানীয় প্রভাবশালী কয়েকজন জড়িত। তাদের নিজেদেরও সেখানে জমি আছে। ওই জমিসহ অন্যদের জমির মাটি অনেকটা জোর করেই কেটে নেওয়া হচ্ছে। প্রভাবশালী মাটি ব্যবসায়ীদের ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে পারছেন না বলে তিনি জানান। উপজেলার লতিফপুর ইউনিয়নের ছলিমনগর গ্রামের ট্রাকচালক সজিব মিয়া জানান, তিনি দিনে-রাতে দুই শিফটে গাড়ি চালান। বহনতলী থেকে ট্রাকযোগে মাটি ইটভাটায় নিয়ে যান বলে তিনি জানান। পার্শ্ববর্তী বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের কাজিরা এলাকার ট্রাকচালক খায়রুল ইসলাম জানান, তারা দু’জন দুটি ট্রাক নিয়ে মাটি বহন করতে এসেছেন। তাদের ছাড়াও আরও কয়েকটি ট্রাকযোগে জমি থেকে কাটা মাটি বিভিন্ন ইটভাটায় নেওয়া হয়।
মাটি কাটার সঙ্গে জড়িত মেছের আলী জানান, কুর্ণী গ্রামের আব্দুল জলিল মিয়ার সঙ্গে ব্যবসায়িক অংশীদার হিসেবে তিনি মাটি কেটে অন্যত্র বিক্রি করেন। তিনি জমিগুলো থেকে মাটি কেটে বহনতলী-নিশ্চিন্তপুর এলাকার একটি বাঁধ নির্মাণ করে দিয়েছেন। কবরস্থানে মাটি ভরাট করেছেন। এজন্য কোনো টাকা নেননি। এছাড়া যেসব মাটি কাটা হচ্ছে তা রাস্তা নির্মাণের জন্য নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এ সময় ট্রাকযোগে মাটি ইটভাটায় নেওয়া হচ্ছে কেন জানতে চাইলে তিনি নীরব থাকেন। ফতেপুর ইউনিয়ন পরিষদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে তারা মাটি কাটার অনুমতি নিয়েছেন বললেও কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি। আরেক মাটি ব্যবসায়ী আব্দুল জলিল মিয়া জানান, এলাকার লোকজনের উঁচু-নিচু কৃষিজমি সমান করে দিতে তারা মাটি কাটছেন।
মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, কৃষি জমির উপরিভাগের ১৫ সেন্টিমিটার পর্যন্ত ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় পুষ্টি থাকে। এই মাটি কাটলে পরবর্তী সময়ে ফসল উৎপাদনের জন্য সারের ঘনত্ব বেশি লাগবে। এতে কৃষক ভালো ফলন পাবেন না।
ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশীষ কর্মকার জানান, ওই স্থানের মাটি কাটা বন্ধ করতে তিনি সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে আগে কথা বলেছেন; আবারও বলবেন।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ জানান, অনেকে মাটি কাটার অনুমতির বিষয়ে তাদের কথা বলতে পারেন। তবে তা সত্য নয়। মাটি কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।






