
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি বিএম পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঘাটাইল উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ফকরুল ইসলাম, ঘাটাইল ব্রাক্ষনশাসন সরকারী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এম. জি কিবরিয়া সিদ্দিকী, ব্রাক্ষনশাসন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবাশ্বের হোসেন, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, ঘাটাইল আলিম মাদ্রাসা অধ্যক্ষ আতিকুর রহমান প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং নকলমুক্ত পরীক্ষা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মেধার সঠিক মূল্যায়নের স্বার্থে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা, অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন করা এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত সংশ্লিষ্টরা আসন্ন এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি বিএম পরীক্ষা-২০২৬ সফলভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের প্রত্যয় ব্যক্ত করেন।






