
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) কর্তৃক স্বীকৃতি অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে ‘BAC অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত নিশ্চয়তা সেল (IQAC) কনফারেন্স রুমে IQAC এর উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আনিছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন IQAC এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির ও অনুষ্ঠান পরিচালনা করেন IQAC এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. খায়রুল ইসলাম।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার, মেকানিক্যাল এন্ড অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল মাহমুদ এবং ব্যবস্থাপনা ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এতে অ্যাক্রেডিটেশনের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো ও সহায়তা, কোর্স আউট লাইন প্রস্তুতি, কোর্স ফাইল সংরক্ষণ, CLO/PLO সংশোধন, মূল্যায়ন কৌশল এবং গুণগত নিশ্চয়তা (QA) কার্যক্রমসহ BAC অ্যাক্রেডিটেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
দুপুরে নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির পর কোর্স আউটলাইন প্রস্তুতের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশ্নোত্তর ও গুণগত নিশ্চয়তা (QA) সেশন এবং সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।





