
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে বৈদ্যুতিক ওভার ভোল্টেজের কারণে শতাধিক পরিবারের টিভি, ফ্রিজ, ফ্যান, বাল্বসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা মঙ্গলবার (৭ জুলাই) সকালে কালিহাতী উপজেলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (বিপিডিবি) কার্যালয়ে গিয়ে অভিযোগ করেছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ ওভার ভোল্টেজের কারণে প্রায় ১০০ থেকে ১২০টি পরিবারের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। এতে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে। পরে মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় শতাধিক গ্রামবাসী বিদ্যুৎ অফিসে অবস্থান নিয়ে ক্ষতিগ্রস্ত মিটার পরিবর্তন, নতুন সার্ভিস (স্মার্ট প্রিপেইড) মিটার সরবরাহ এবং ক্ষয়ক্ষতির যথাযথ প্রতিকারের দাবি জানান।
ক্ষতিগ্রস্ত গ্রামবাসী গোবিন্দ চন্দ্র সূত্রধর, মোস্তফা, রাসেল, জুয়েল, খোকন, রুবেল, বিল্লাল, জামিল, হামিদা ও মোকছেদুল জানান, হঠাৎ বিদ্যুৎতের ওভার ভোল্টেজের কারণে তাদের বাড়ির টিভি, ফ্রিজ, ফ্যান, বাল্ব, মিটারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। এতে তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। দ্রুত ক্ষতিপূরণ, নতুন ট্রান্সফরমার স্থাপন এবং ক্ষতিগ্রস্ত মিটার পরিবর্তনের দাবি জানান তারা। এলাকাবাসীর দাবি, কোরবানির ঈদের কয়েকদিন পর তাদের কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা নিয়ে একটি পুরোনো ট্রান্সফরমার স্থাপন করা হয়। এরপর থেকেই কয়েক দফা ওভার ভোল্টেজের কারণে ছোট-বড় বৈদ্যুতিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
জানা গেছে, আউলটিয়া গ্রামে প্রায় ৩৫০টি পরিবারের পাশাপাশি দুটি রাইস মিল ও একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার রয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। পরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আউলটিয়া গ্রামে নতুন ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। এছাড়া যেসব গ্রাহকের বিদ্যুৎ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেগুলোও নতুন মিটার দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে কালিহাতী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন জানান, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারটি সরিয়ে সেখানে নতুন ট্রান্সফরমার স্থাপনের কাজ চলছে। এছাড়া যেসব গ্রাহকের বিদ্যুৎ মিটার ওভার ভোল্টেজে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নতুন মিটার বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।






