
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (ইঞ্জি:/অনার্স/বিফার্ম) সম্মান প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বুধবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ড. মনির মোর্শেদ এবং নিজ নিজ বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, আমাদের সর্বাত্নক চেষ্টা থাকবে শিক্ষা কার্যক্রম যেন কেউ ব্যহত করতে না পারে। বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবে। এই প্রথম বিশ্ববিদ্যালয়ে ইউএনডিপি এর সহযোগিতায় আগামী (১৮ থেকে ২১ জুলাই) পর্যন্ত ৪ দিনব্যাপী নবীন শিক্ষার্থীদের গ্রুমিং-কাউন্সিলিং সেশনের কার্যক্রম শুরু হচ্ছে, যা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১৮টি বিভাগে স্নাতক শ্রেণীতে মোট ৯০৯ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।






