
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার চক্রান্তের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ও হাসপাতাল ঘেরাও এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল নিয়ে হাসপাতাল ও থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা।
সেখান থেকে পুণরায় মিছিল নিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল কলেজ মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করে বলেন, ওষুধ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে মূল অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রেখে নিরপরাধ পিকআপ চালকের বিরুদ্ধে মামলা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটক হওয়া পিকআপের চালক আজমতের অবিলম্বে মুক্তি দাবি করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে। অন্যথায় সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পিকআপে ভর্তি করে ভূঞাপুর উপজেলায় যমুনা নদীতে ফেলতে গিয়ে বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে পিকআপ চালক আজমত আটক হয়। স্থানীয় জনগন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের টি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।






