
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে যমুনা নদী থেকে অনুমোদন বিহীনভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মাদক সেবনের পর অপ্রকৃতস্থ অবস্থায় জনশান্তি বিনষ্টের দায়ে আরও তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে যমুনা নদীর থানাঘাট তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে মিলন ও রাজিব নামে দুইজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে এলেঙ্গা ও সহদেবপুর ইউনিয়নে পৃথক অভিযানে মাদক সেবনের পর অপ্রকৃতস্থ অবস্থায় তিনজনকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নৌ পুলিশ, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





