
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জমির মাটি কাটার সময় পরিত্যক্ত অবস্থায় দুই বাক্স ১২ রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে। বাক্সের গায়ে পিতলের প্লেটে খোদাই করে ইংরেজি অক্ষরে ইস্ট পাকিস্তান পুলিশ টাঙ্গাইল লেখা রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে উপজেলার কচুয়া থলচালা গ্রামের টুঙ্গীর চালা এলাকায় মাটি খননের সময় বাক্স দুটি পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ বাক্স দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়।
সখীপুর থানা পুলিশ এসব বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এসব প্রকৃতপক্ষে রকেট লঞ্চার কি না- এ বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে উপজেলার কচুয়া থলচালা গ্রামের টুঙ্গীর চালা এলাকার লিয়াকত আলীর জমিতে বর্গাচাষি আছরব আলী ও তাঁর ছেলে শাকিল মাটি কাটছিলেন। এ সময় কোদালের আঘাতে লোহার বাক্সের অংশবিশেষ দেখা যায়। পরে বিষয়টি স্থানীয় এক সাংবাদিককে জানানো হয়। ওই সাংবাদিক বিষয়টি থানায় জানালে পুলিশ সেগুলো উদ্ধার করে।
স্থানীয় সাংবাদিক সোহেল রজত বলেন, প্রতিটি বাক্সে ছয়টি করে মোট ১২টি বক্স রয়েছে। প্রতিটি বক্সের পেছনে ঘূর্ণায়মান পাখার মতো (চরকি) রয়েছে। এ কারণে স্থানীয়দের ধারণা- এসব মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত রকেট লঞ্চার।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, আসলে বক্সগুলো কী- এ বিষয়ে এখনই সঠিক বলা যাচ্ছে না। উদ্ধার হওয়া একটি প্লেটের গায়ে লেখা থেকে ধারণা করা হচ্ছে, বক্সগুলো পাকিস্তান আমলের। এগুলো পুরোনো ও পরিত্যক্ত এবং জং ধরা গোলাবারুদ সাদৃশ বক্স। আপাতত আমরা বক্সগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে রেখেছি। বিস্ফোরক বিশেষজ্ঞরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিবেন।





