
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষনের শিকার ভূক্তভোগি স্কুলছাত্রী উপজেলার কাঠুরী গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দক্ষিণ দুয়াজানী গ্রামে। ধর্ষনকারী সদর ইউনিয়নের দক্ষিণ দুয়াজানী গ্রামের নুর মোহাম্মদ মিয়ার ছেলে ইয়ামিন মিয়া (২১)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ শুক্রবার (৬ নভেম্বর) রাতে অভিযুক্ত ইয়ামিন মিয়াকে (২১) গ্রেফতার করেছে।
নাগরপুর থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নাগরপুর সদর ইউনিয়নের দক্ষিণ দুয়াজানী গ্রামের নূর মোহাম্মদ মিয়ার ছেলে বখাটে ইয়ামিন মিয়া কৌশলে ৬ষ্ঠ শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীকে নিজ বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, সদর ইউনিয়নের দক্ষিণ দুয়াজানী গ্রামে ধর্ষনের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামি ইয়ামিন মিয়াকে গ্রেফতার করে শনিবার (৭ নভেম্বর) সকালে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নিদের্শ দেন। এছাড়া ভিকটিমকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।






