
নুর আলম, গোপালপুর ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের সাজানপুর শাখা লক্ষ্য করে দুর্বৃত্তদের নিক্ষেপ করা চারটি কাচের বোতলে পেট্রোল দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শাখাটির সামনের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
সাজানপুর শাখা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল মোতালেব জানান, গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পরপর চারটি কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপ করে। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ডের কিছু অংশে আগুন ধরে যায়। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী মফিজ উদ্দিন ডাকচিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গ্রামীণ ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাত দুইটা ৩০ মিনিটে হেলমেট পরিহিত অবস্থায় তিনজন ব্যক্তি ব্যাংকের বাহিরে থেকে কাঁচের বোতলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে নিক্ষেপ করে চলে যায়। ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারিসহ তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরাদ হোসেন বলেন, ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। দুষ্কৃতকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





