
স্টাফ রিপোর্টার ॥
শুরু হয়ে গেছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব । দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সারা দেশের মতো টাঙ্গাইলেও মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে আজ রোববার (২৮ অক্টোবর) থেকে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। আজ রোববার (২৮ অক্টোবর) মহাষষ্ঠীর দিনে সকাল ১০টার দিকে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠীপূজা। সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রণ অধিবাস অনুষ্ঠিত হবে। এরপর উন্মুক্ত করা হবে দেবী দূর্গার প্রতিমা।
এই উৎসবটি ঘিরে এরই মধ্যে প্রস্তুত হয়েছে সব পূজা মন্ডপ। উৎসবের আমেজ লেগেছে মন্ডপ প্রাঙ্গণে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল পৌরশহরের প্যাড়াডাইস পাড়া, কলেজ পাড়া, আদালত পাড়া, থানা পাড়ার পূজামন্ডপ ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের মন্ডপগুলোয় উৎসবের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে প্যান্ডেল সাজানো, আলোকসজ্জা, নিরাপত্তা- কোনো কিছুরই যেন কমতি নেই।মূল গেট পেরিয়ে পূজার প্যান্ডেলের ভেতরে ঢুকতেই চোখে পড়ে নয়নাভিরাম আলোকসজ্জা ও রঙিন সাজসজ্জায় সাজানো মন্ডপ। মূল মন্ডপের ভেতরে চার সন্তান নিয়ে দেবী দুর্গা দাঁড়িয়ে রয়েছেন, একদম চিরচেনা রূপে।
এদিকে মন্ডপ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থাও দৃশ্যমান। চারদিকে বসানো হয়েছে সিসি ক্যামেরা। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারীতে রয়েছে পূজা মন্ডপ ও এর আশপাশের এলাকাসমুহ। এছাড়া মন্দির প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থী ও ভক্তদের উপস্থিতির চিত্রও ছিল চোখে পরার মতো।






