
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
গণভোটে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কালিহাতী উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
কালিহাতী পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পৌরসভার উচ্চমান সহকারী রফিকুল ইসলাম সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি গণভোটের উদ্দেশ্য, ভোট প্রদানের গুরুত্ব এবং এতে অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে পথচারী ও ব্যবসায়ীদের অবহিত করেন।
কালিহাতী উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণকালে গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, নাগরিকদের সচেতন করতে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।






