
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বিভিন্ন সময়ে জব্দকৃত বিপুল পরিমাণ তামাকজাত পন্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকার ময়লার ভাগারে দেশী-বিদেশী সিগারেট, বিড়ি ও জর্দা ব্যবহারে অনুপযোগী করে মাটি চাপা দেওয়া হয় । ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ও ধ্বংসকরণ কমিটির আহ্বায়ক নির্ঝর আহমেদ এর নেতৃত্বে প্রথমবার এমন দৃষ্টান্তমূলক কর্মসূচি গ্রহণ করা হয়।
ধ্বংস কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন কমিটির সদস্য সচিব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট টাঙ্গাইল বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও সহকারী কমিশনার সুভাষ চন্দ্র বোস সরজমিনে ধ্বংসকরণ কর্মসূচিতে উপস্থিত থেকে তিনি বলেন, জব্দকৃত তামাকজাত পন্য ধ্বংসকরণ কর্মসূচির আওতায় টাঙ্গাইল শুল্ক, আবগারি ও ভ্যাট অধিদপ্তর আইনসম্মতভাবে বাজেয়াপ্তকৃত অবৈধভাবে বাজারজাতকৃত এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা এইসব ক্ষতিগ্রস্ত, পচা ও অব্যবহারযোগ্য তামাকজাত পন্য ধ্বংস করা হয়েছে। এ ধরনের কার্যক্রম আমাদের সারাদেশেই অব্যাহত থাকবে। দেশের রাজস্ব বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করতে হবে। এছাড়াও ব্যবসায়ীদের ভ্যাট ফাঁকি কমাতে এবং রাজস্ব বৃদ্ধ করার লক্ষ্যে এমন কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় ধ্বংসকরণ কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মা, পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পুলিশ সদস্য , ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দৃষ্টান্তমূলক ধ্বংস কার্যক্রম কর্মসূচিতে রাজস্ব কর্মকর্তা পুলক কান্তি দাশসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, ৪ লাখ ১৪ হাজার ৯৫ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, ২৩ হাজার ৫০০ শলাকা বিড়ি এবং ৫৭ দশমিক ৬০ কেজি জর্দা ধ্বংস করা হয়। এর আগে সকালে টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এর বিভাগীয় কর্মকর্তার কার্যালয় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য তুলে ধরেন ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নির্ঝর আহমেদ।






