
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার-পাকুল্যা সড়ক যেন দেলদুয়ারবাসীর মরণ ফাঁদ। এ সড়কের মির্জাপুর উপজেলার অংশে গাছ ফেলে প্রতিনিয়তই ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাত চক্র সড়কের উভয় পার্শ্বের গাছ কেটে সড়কে ব্যারিকেট সৃষ্টি করে রাতের বেলা ঘন্টার পর ঘন্টাব্যাপি ডাকাতি করে থাকে। ঘটনাস্থল মির্জাপুর উপজেলায় হলেও ঘটনার শিকার হন দেলদুয়ার উপজেলাবাসী। বিশেষ করে বিদেশ ফেরত যাত্রীরা বিদেশ থেকে আনা মালামাল ডাকাত চক্রের হাতে খুঁইয়ে নিঃস্ব হাতে বাড়ি ফেরেন।
সম্প্রতি ফাজিলহাটী ইউনিয়নের মুন্সিনগর গ্রামের প্রবাসী রমজান আলীর মাইক্রোবাস আটকে স্বর্ণলাংকারসহ কয়েক লাখ টাকার বিদেশী মুদ্রা হাতিয়ে নেয় ডাকাত চক্রটি। দীর্ঘদিন ধরে একটি সঙ্গবদ্ধ ডাকাত চক্র ওই সড়কে চলাচলকারী যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনও স্থায়ী কার্যকর পদক্ষেপ না নেয়ায় দেলদুয়ার উপজেলাবাসী চরমভাবে ক্ষুব্ধ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ বিষয়টি নিয়ে জোড়ালোভাবে আলোচনায় উঠে আসে দেলদুয়ার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, ঘটনাস্থল মির্জাপুর উপজেলায় এবং ওই উপজেলার দায়িত্বরত পুলিশ টিম টহলে নিয়োজিত থাকেন। তবে দেলদুয়ার থানা পুলিশও এ ব্যপারে যথেষ্ট সজাগ রয়েছে।
বক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী জানান, জেলা আইনশৃঙ্খলা কমিটিতে সংশ্লিষ্ট সড়কে ডাকাতি বন্ধের বিষয়টি উপস্থাপন করা হবে। যেন বিষয়টির স্থায়ী সমাধান হয়।






