
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকালে উপজেলার লাউহাটী ইউনিয়নের সল্পলাড়ু গ্রামে ধলেশ্বরী নদীর পাশের এক ধানক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৬ মে) সকালে লাউহাটী ইউনিয়নের স্বল্পলাড়ু গ্রামের ফাঁকা মাঠের মাঝখানে নতুন কবর স্থানের ভিতরে অজ্ঞাত নারীর (৩০) লাশ দেখে স্থানীয় জনগন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশ ধারণা করছে, দুস্কৃতিকারীরা ওই নারীকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে যায়। লাশের মুখে রক্তাক্ত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজাহার ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশের মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
তবে হত্যাকারী যেই হোক, দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হবো। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






