
বাসাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) বিকেলে বাসাইল পৌরসভার ১নং ওয়ার্ড মাইজখাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাসাইল পৌরসভার ১নং ওয়ার্ডের মাইজখাড়া এলাকায় ফসিল জমি থেকে বেশ কিছুদিন ধরে ভেকু দিয়ে অসাধু ব্যক্তি অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(ক) ধারা লঙ্ঘনে ১টি মামলায় উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে আনিসুর রহমান বাহাদুরকে (৪২) এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।






