
বাসাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের বাসাইলে সুদীর্ঘ ২৮ বছরের শিক্ষকতা জীবন শেষে হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আলমগীর মিয়ার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু হানিফ মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম মিয়া। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদায়ী অনুষ্ঠানে বক্তাগণ বিদায়ী সংবর্ধিত শিক্ষকের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষককে বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, ফুলের তোরা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, আলমগীর মিয়া বিগত ১৯৯৭ সালের (৩০ ডিসেম্বর) বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। সুদীর্ঘ ২৮ বছর অত্যন্ত নিষ্ঠার সাথে শিক্ষা দান শেষে তিনি চলতি বছরের গত (৩০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন।






