
স্টাফ রিপোর্টার ॥
ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকালে টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে টাঙ্গাইল পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
এই ব্রিফিংয়ে পুলিশ সুপার পবিত্র ঈদ-উল-আযহা-উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়ক মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচলের ক্ষেত্রে পশুর হাটগুলোতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে এবং যানবাহন চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন।

উক্ত ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলার সকল সার্কেল কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ এবং ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনকল্পে ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





