
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া বাজার ও আশপাশের এলাকায় আকস্মিক ঘূণিঝড়ে একটি বড় গাছ উপড়ে পড়ে কয়েকটি দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এ ঝড়ে বাজার এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কস্তুরীপাড়া-দেওপাড়া-পারখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের আঘাতে কস্তুরীপাড়া বাজারের অন্তত ৮ থেকে ১০টি দোকান আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি দোকানের টিনের চালা উড়ে যায় এবং কাঠামোর বিভিন্ন অংশ ভেঙে পড়ে। এছাড়া একটি বড় গাছ উপড়ে পড়ে কয়েকটি অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহনের ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন- মুরগি ব্যবসায়ী সেলিম, কাপড় ব্যবসায়ী শাজাহান, মুদিদোকানি মোতালেব, প্রসাধনী ব্যবসায়ী স্বপ্না বেগম এবং জামাল ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী জামাল উদ্দিন। তারা জানান, আকস্মিক এই ঘটনায় তাদের দোকান ও মালামালের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। অনেকের ব্যবসার মূলধনের বড় একটি অংশ নষ্ট হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঝড়ের কারণে কস্তুরীপাড়া-দেওপাড়া-পারখী সড়কের ওপর গাছ ও বড় বড় ডালপালা পড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। মঙ্গলবার (৯ জুন) বিকেল পর্যন্ত সড়কের উভয় পাশে যানবাহন আটকে থাকে। খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি দল, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে। যৌথ প্রচেষ্টায় সড়ক থেকে গাছ ও ডালপালা সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ অব্যাহত রয়েছে।
বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান জানান, ঝড়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেন। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া জানান, সড়কে পড়ে থাকা গাছ ও ডালপালা অপসারণের কাজ চলমান রয়েছে। খুব দ্রুতই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ব্যবসায়ীদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে আবেদন করার জন্য বলা হয়েছে। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে। যাতে ক্ষতিগ্রস্থরা সরকারি সহায়তা পেতে পারেন।





