
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ জীবুন নিছার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ. এম. রইচ সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষ জীবুন নিছার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন এবং শিক্ষা বিস্তারে তাঁর নিষ্ঠা, সততা ও দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা আরো বলেন, জীবুন নিছা শুধু একজন সফল অধ্যক্ষই নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের একজন অভিভাবক এবং সহকর্মীদের অনুপ্রেরণার উৎস। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা ও শৃঙ্খলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক কৃষ্ণা রানীর দের পরিচালনায় এ সময় সিনিয়র শিক্ষক সুজিত কুমার দত্ত, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, দশম শ্রেণীর ছাত্র নিরব হোসেন, দশম শ্রেনীর ছাত্রী নবনিতা শীল, দ্বাদশ শ্রেণীর ছাত্রী সিমিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদায়ী বক্তব্যে জীবুন নিছা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ মুহূর্তে বিদায়ের আবেগে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় ভরা এই বিদায় অনুষ্ঠান উপস্থিত সবার হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।






