
স্টাফ রিপোর্টার ॥
উন্নত জীবনের স্বপ্নে ঘর ছেড়েছিলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তরুণ মৃদল খান (২২)। পরিবারের মুখে হাসি ফোটাতে, অভাবের দিন বদলাতে সুদূর রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। যুদ্ধের বিভীষিকায় মাইন বিস্ফোরণে চিরতরে নিভে গেল এক তরুণ প্রাণ। গত রোববার (২১ জুন) রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে মাইন বিস্ফোরণে নিহত হন কালিহাতী উপজেলার কোকড়হরা ইউনিয়নের পাছচারান গ্রামের সাঈদ খানের ছেলে মৃদল খান।
পরিবার সূত্রে জানা যায়, ইউরোপে যাওয়ার আশায় দীর্ঘদিন চেষ্টা করেও ভিসা না পেয়ে একটি এজেন্সির মাধ্যমে চলতি বছরের গত (২৯ জানুয়ারি) রাশিয়ায় যান মৃদল। সেখানে সাধারণ কোনো কাজে যোগ দেওয়ার কথা থাকলেও পরে বাংলাদেশি দালালচক্রের মাধ্যমে রুশ সেনাবাহিনীতে যুক্ত হতে হয় তাকে। ভাগ্যের সন্ধানে বিদেশে যাওয়া সেই তরুণ মৃদল খান (২২) শেষ পর্যন্ত যুদ্ধের বলি হতে হয়েছে। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর শোকে স্তব্ধ পুরো পরিবারসহ গ্রামবাসী।
যে সন্তানকে জীবিত অবস্থায় বিদেশে পাঠিয়েছিলেন, আজ তার নিথর মরদেহটুকু দেশে ফিরিয়ে আনার জন্য আকুতি জানাচ্ছেন বাবা-মা। পরিবারের সদস্যরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা কামনা করেছেন।
কালিহাতীর এই তরুণের অপূর্ণ স্বপ্ন আর ফিরে আসবে না। পরিবারের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন নিয়ে মৃদল খান (২২) ঘর ছেড়েছিলেন। সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে বুকভাঙা কান্না আর সীমাহীন শোকে। মৃদলের মৃত্যু যেন আবারও মনে করিয়ে দিল- যুদ্ধ কেবল ভূখণ্ড নয়, কেড়ে নেয় অসংখ্য পরিবারের স্বপ্ন, আশা আর প্রিয়জনকে।





