
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ফরমালিন ছাড়া বিষুদ্ধ দেশী ফল খেয়ে সুস্থ থাকা যায়। দেশী ফল খেলে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা যায়। ফরমালিনকে আমরা এক ধরনের বিষ বলে থাকি। আমরা সেই বিষ মুক্ত বেশি বেশি দেশী ফল খাবো এবং সুস্থ থাকবো। আমাদের দেশের মানুষ সংশ্লিষ্ট কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় দেশী ফলের প্রতি আকৃষ্ট হয়ে দেশী ফলের চাষ করছেন। এজন্য কৃষি অফিস এবং কৃষক পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়।
শুক্রবার (২৬ জুন) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপী ফল ও কৃষি মেলার উদ্বোধন শেষে ফলের স্টল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষির উপর গুরুত্ব দিয়েছেন। তিনি টাঙ্গাইলের কৃষি মেলায় দুই ঘন্টা সময় দিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারেক রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা খানম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুভাশীষ কর্মকার, মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, মিডিয়া কো-অর্ডিরেটর জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের ৭৮০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম হাইব্র্রিড মরিচ, ৫টি করে লেবু চারা, ৫টি করে গাছের চারা, ৫ কেজি বীজ, ৩০০ গ্রাম সবজি বীজ, বালাইনাশক ৩০ কেজি ডিএপি, ৩০ কেজি এমওপি সার, জৈব সার এবং বাঁশের খুটি বিতরণ করেন।






