
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে চলাচলের রাস্তার দাবিতে বীর মুক্তিযোদ্ধা মৃত লাল মিয়ার ছোট মেয়ে এমেলী বেগম সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন। এ সময় তার স্বামী নুরুল হক, চাচাতো বোন তানিয়া বেগম, মামি ইয়াসমিন বেগম, বাবলু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এমেলী বেগম লিখিত বক্তব্যে জানান, মির্জাপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড পুষ্টকামুরী গ্রামের খালপাড়া গ্রামের মৃত জমির উদ্দিন তার বাড়ির দক্ষিণপাশে দুই ছেলে লাভলু মিয়ার কাছে তিন শতাংশ এবং জালাল মিয়ার কাছে চার শতাংশ জমি বিক্রি করেন। জমির উদ্দিন দক্ষিণপাশে সরকারি রাস্তায় তিনি এবং পরিবারের সদস্যদের চলাচলের জন্য চার ফুট প্রশস্ত এবং ১০৮ ফুট দৈর্ঘ্যরে উন্মুক্ত রাস্তা দলিলে উল্লেখ করে বিক্রি করেন।
জালাল উদ্দিনের চার শতাংশ জমি বীর মুক্তিযোদ্ধা মৃত. লাল মিয়ার মেয়ে এমেলী বেগম বিগত ২০১২ সালে ক্রয় করেন। ওই দলিলেও চার ফুট রাস্তা উল্লেখ রয়েছে। কিন্তু সম্প্রতি লাভলু মিয়ার স্ত্রী সাজেদা বেগম, ছেলে সম্পদ মিয়া রাস্তার জমি দখল করে পাকা ভবন নির্মান কাজ শুরু করেন। এতে এমেলী বেগম প্রাথমিকভাবে স্থানীয় মাতাব্বরদের মাধ্যমে বাঁধা প্রদান করেন। সাজেদা বেগম বাঁধা উপেক্ষা করে কাজ চলমান রাখেন। পরে এমেলী বেগম টাঙ্গাইল আদালতে ১৪৪ ও ১৪৫ ধারা জারি করেন।
মির্জাপুর থানা পুলিশ ওই জমিতে ১৪৪ ও ১৪৫ ধারা জারি করে নোটিশ প্রদান করেন। নোটিশ পাওয়ার পরও সাজেদা বেগম ওই জমিতে ভবন নির্মাণ কাজ চলমান রাখেন।
এ ঘটনায় রাস্তার জমি দখলমুক্ত রাখতে প্রশাসনের কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানান এমেলী বেগম ও তার পরিবার।






