
আদালত সংবাদদাতা ॥
টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনকে যাবজ্জীবন এবং একজনকে পাঁচ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান সোমবার (২৭ জুলাই) সকালে এই রায় দেন। যাবজ্জীবন দন্ডিত ব্যক্তির নাম হোসেন আলী (৩৫)। তিনি সখীপুর উপজেলার কাহারতা রামখাঁ গ্রামের হোসেন আলীর ছেলে। দন্ডিত হোসেন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
পাঁচ বছরের কারাদন্ড দেয়া হয়েছে হিরু মিয়া ওরফে হায়দারকে (৫৫)। তিনি সখীপুর পৌরসভা ৬নং ওয়ার্ডের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে।
টাঙ্গাইলের সরকারী কৌশলী (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, বিগত ২০২৫ সালের (২২ জানুয়ারি) জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সখীপুরের কালিয়া ইউনিয়ন ভূমি অফিসের কাছ থেকে দন্ডিত হোসেন আলী ও হিরু মিয়াকে আটক করে। এ সময় হোসেন আলীর কাছ থেকে ৯০ গ্রাম হেরোইন এবং হিরু মিয়ার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরদিন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদি হয়ে সখীপুর থানায় ওই দুইজনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
বিগত ২০২৫ সালের (৭ অক্টোবর) আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে ৯ জনের স্বাক্ষী গ্রহণ শেষে রায় দেয়া হয়। যাবজ্জীবন দন্ডিত আসামী হোসেন আলী জামিনে মুক্তি পাওয়ার পর পলাতক রয়েছেন। দন্ডিত হিরু মিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়।





