
গোপালপুর প্রতিনিধি ॥
গ্রামীণ শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও মানসিক বিকাশে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই গ্রামে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘আশালতা’। প্রতিষ্ঠানটির সোনামুই শাখার ব্যবস্থাপনায় এবং মহাপরিচালক শিমুল পারভেজের ব্যক্তিগত উদ্যোগে সোমবার (২৭ জুলাই) বিকালে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় শিমুল পারভেজ বলেন, শিশুদের হাতে অপ্রয়োজনে স্মার্টফোন তুলে না দিয়ে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া প্রয়োজন। খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাদকসহ বিভিন্ন নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে সহায়তা করে।
স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল এ উদ্যোগের প্রশংসা করে জানান, ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।






