
স্পোর্টস রিপোর্টার ॥
দ্বিতীয় সেমিফাইনালে ভূঞাপুরের সন্তান জাতীয় দলের তারকা ফুটবলার রফিকুলের উপস্থিতি স্বত্ত্বেও গোপালপুর উপজেলার ফুটবলারদের ছন্দময় ফুটবলের কাছে (৩-১) গোলে পরাজিত হয়ে বিদায় নেওয়ার দিনে গোপালপুর উপজেলা দল ফাইনালে উঠেছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসক আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রতিবেশী দুই উপজেলা গোপালপুর ও ভূঞাপুর উপজেলা দল ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হয়।
ছন্দময় ফুটবলের উপজেলা গোপালপুর শুরুতে গোল করে খেলায় এগিয়ে যায়। খেলার ৬ মিনিটের সময় গোপালপুরের সংঘবদ্ধ আক্রমনে ফাঁকায় দাঁড়ানো মিশু গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়। খেলায় পিছিয়ে পড়ে জাতীয় তারকা খেলোয়াড় রফিকুলের নেতৃত্বে আক্রমন করে খেলতে থাকে। খেলার ৩৯ মিনিটের সময় ভূঞাপুরের একটি আক্রমন ঠেকাতে গিয়ে গোপালপুরের নাইজেরিয়ান ফুটবলার সিবি’র গোলমুখে ব্যাকপাসে গোপালপুরের গোলরক্ষক সুমন বল ধরতে ব্যর্থ হলে বল সরাসরি গোপালপুরের জালে পৌছায়। ভুঞাপুর আত্বঘাতী গোলে (১-১) এ সমতার পর প্রথমার্ধের খেলা শেষ হয়।

খেলার দ্বিতীয়ার্ধে গোপালপুর ও ভূঞাপুর দুই দলই আক্রমন পাল্টা আক্রমন করে খেলতে থাকে। খেলার ৭০ মিনিটের সময় গোপালপুরের সাবেক জাতীয় দলের মধ্যমাঠের খেলোয়াড় রবিউলের চমৎকার বাঁকানো ফ্রি কিকে ভূঞাপুরের গোলরক্ষক পারভেজ বল ধরতে ব্যর্থ হয়। এতে গোলের ব্যবধান বেড়ে (২-১) হয়। খেলায় এগিয়ে গিয়ে গোপালপুর আরো আক্রমন করে খেলতে থাকে। খেলার ৮০ মিনিটের সময় গোপালপুরের নাইজেরিয়ান সিবি গোল করে (৩-১) এ ব্যবধান বাড়িয়ে দেয়। খেলায় আর কোন গোল না হওয়ায় গোপালপুর উপজেলা দল (৩-১) গোলে ভূঞাপুর উপজেলা দলকে পরাজিত করে।
এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন গোপালপুর উপজেলা দলের খেলোয়ার রবিউল ইসলাম।
আগামী শনিবার (১ আগস্ট) বিকাল ৪টার সময় টাঙ্গাইল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়বে। এতে টাঙ্গাইল সদর উপজেলা দলের সাথে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে গোপালপুর উপজেলা দল।






