
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসায় ৪০ হাজার টাকা তুলে দেওয়া শিক্ষার্থীদের সেই মানবিক উদ্যোগ এবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতনে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওই পরিবারের হাতে নগদ ২ লাখ টাকা তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। একই সঙ্গে মায়ের চিকিৎসার জন্য আরও ৩ লাখ টাকা সহায়তার আশ্বাস দেন তিনি।
এ সময় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সভাপতি খোরশেদ আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ূন কবীর রিপন, সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম মামুনুর রশীদ, সখীপুর থানার (ওসি) মুরাদ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনি ক্যানসার আক্রান্ত ওই মায়ের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়েছেন। পরিবারের চিকিৎসা ব্যয় নির্বাহে আরও কী ধরনের সহযোগিতা প্রয়োজন, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের কয়েক দিন আগে কালিদাস কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থী নাঈমের মায়ের শরীরে ক্যানসার শনাক্ত হয়। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা কঠিন হয়ে পড়ে।
বিষয়টি জানতে পেরে নাঈমের সহপাঠীরা এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে সেই টাকা বন্ধুর মায়ের চিকিৎসায় দেওয়ার সিদ্ধান্ত নেয়। গত (১৬ আগস্ট) নাঈমের দাদা আবদুস সাত্তার সিকদারের হাতে ৪০ হাজার টাকা তুলে দেয় তারা। পরে বিদ্যালয়ের অন্যান্য শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকেরাও এই উদ্যোগে যুক্ত হন।
শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগ নিয়ে জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরের নজরে আসে। এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওই ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসায় সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়।






