
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইল উপজেলার স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নিহাদ (২১) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রোববার (৩০ আগস্ট) দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নিহাদ বাসাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার (৩০ আগস্ট) সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী স্কুলে যাওয়ার পথে স্থানীয় একটি মুদি দোকান অতিক্রম করার সময় নিহাদ মোটরসাইকেল নিয়ে এসে তাদের উত্ত্যক্ত করেন এবং স্পর্শের চেষ্টা চালান। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিহাদকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহাদ উত্ত্যক্ত করার কথা স্বীকার করেন। ফলে আদালত তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন। দণ্ডাদেশের পর নিহাদকে পুলিশি হেফাজতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ জানান, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ইভটিজিং ও নারীদের উত্ত্যক্ত করার বিরুদ্ধে এ ধরনের আইনগত ব্যবস্থা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।






