
গোপালপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের গোপালপুরে ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় উপজেলার অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গোপালপুর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল মোরশেদ এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডা. আব্দুল লতিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এবং গোপালপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে।
এছাড়া গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথানসহ আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ।
মাছের পোনা অবমুক্তের মাধ্যমে উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।





