
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও একটি ভেকু বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সল্লা কামাখ্যামোড় ও সল্লা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম।
অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে কামাখ্যা ঘাটে নজরুল ইসলামকে ১ লাখ টাকা এবং হাবিবুর রহমানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মন্ডলবাড়ী ঘাটে ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা এবং সল্লা ঘাটে আসাদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনের কাছ থেকে সর্বমোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় ও একটি এক্সকাভেটর (ভেকু) বিনষ্ট করা হয়েছে।
এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন বা বালু মহালের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






