
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পূর্ববিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার ভাওড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শশধরপট্টি গ্রামের বাসিন্দা মোগর আলীর ১৫ শতাংশ আয়তনের পুকুরে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মোগর আলী অভিযোগ করে বলেন, গত (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার পুকুর থেকে মাছ চুরি করার সময় হোসেন নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় সে এ ধরণের চুরি আর করবে বলে মাফ চাইলে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত হোসেন উপজেলার একই ইউনিয়নের কামারপাড়া গ্রামের ডাওইরা শেখের ছেলে।
এরপর ওই ঘটনার জের ধরে গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে হোসেন পুকুরে বিষ প্রয়োগ করেন বলে অভিযোগ করেছেন মোগর আলী। রাতের বেলায় তাকে ধরার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। একপর্যায়ে পুকুরের সব মাছ মারা যায়। এতে প্রায় ১ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ভুক্তভোগী মোগর আলী আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি পুকুরে মাছ চাষ করে আসছেন। কিন্তু পুকুরে বিষ প্রয়োগ করায় তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টদের প্রতি।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





