
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ডের আদি টাঙ্গাইলের ছাপড়া মসজিদ এলাকায় সাবেক সেনা সদস্য রবিউল ইসলামের “শান্তনীড়” বাসা থেকে ৩ ভরি স্বর্ণ, ল্যাপটপসহ ঘরের বিভিন্ন মূল্যবান জিনিস চুরি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাড়ীর রবিউল ইসলামের স্ত্রী ও ছেলে শাহিন খান শান্ত গ্রামের বাড়ী নাগরপুর থেকে ফিরে গেট খুলে একতলা বিল্ডিংয়ে বাসায় প্রবেশের মুহুর্তে দেখেন ঘরের দরজার তালা ভাঙা। ভিতরে প্রবেশ করে দেখেন ৩টি কক্ষের কাপড়চোপড় ও আসবাবপত্র যত্রতত্র ছড়িয়ে আছে। শোকেচ খোলা। স্টিলের আলমারীর হাতল ভাঙা। শোকেচের ভিতর গহনার বাক্সগুলি খালি। টেবিলের উপরে রাখার ল্যাপটপও নাই। বিছানার উপর তালা ভাঙার সাবল বা খন্তা পড়ে আছে। ধারনা করা হচ্ছে শনিবার (১৪ নভেম্বর) রাতে এই চুরির ঘটনা ঘটেছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে বাড়ীর লোকজন ঘরে প্রবেশের পর প্রতিবেশীরা খোঁজখবর নিতে আসেন। তারা জানান, বাসার প্রধান গেট বন্ধ থাকায় গেটের ভিতরে প্রবেশ করলে কাউকে দেখা যায় না। বাসার বড় ছেলে ইঞ্জিনিয়ার রাসেল ও তার বাবা রবিউল ইসলাম চাকুরির কারণে ঢাকায় থাকেন। ছোট ছেলে শাহিন পড়াশোনার কারণে ঢাকা থাকেন। বাসায় শুধু রবিউল ইসলামের স্ত্রী থাকেন। তিনিও মাঝে মধ্যে গ্রামের বাড়ী চলে গেলে বাড়ীটি লোকশূন্য হয়ে থাকে। এই অবস্থায় চোররা রাতের কোন এক সময় ওই বাসাতে চুরি করতে প্রবেশ করে।
স্থানীয় জনগন জানান, পৌর শহরের আদি টাঙ্গাইলে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এর আগের দিনে দুপুরেও চুরির ঘটনা ঘটেছে। আদি টাঙ্গাইল বাইতুল আমান (ছাপড়া মসজিদ) সমাজ কমিটির সাধারণ সম্পাদক খন্দকার সাকিব হোসেন ইফু বলেন, এই এলাকায় চোরের উৎপাত বেশী হয়েছে। আমাদের এই এলাকায় গত এক সপ্তাহে প্রায় ৮ থেকে ৯টি বাড়ীতে চুরি হয়েছে।
আমরা গত শুক্রবার (১৩ নভেম্বর) এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় মিটিং করেছি। কিভাবে চোরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায়। আমরা থানায় মাধ্যমে এলাকায় পুলিশ টইলের ব্যবস্থা করার জন্য সদর থানায় যোগাযোগ করেছি। চুরি বিষয়ে থানায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।






