
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে নিজ বাস ভবনে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্দ্ব হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। এমপি লাভলু বলেন, শাহজাহান সাজু ছিলেন একজন খাটি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। তাঁর দেশপ্রেম এবং জনসেবা আমাদের অনুপ্রাণিত করবে। তাঁর মৃত্যুতে নাগরপুর উপজেলা এক জনবান্ধব নেতাকে হারালো।
এমপি রবিউল আওয়াল লাভলু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া নাগরপুর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃৃষকদল এবং ছাত্রদলের সকলস্তরের নেতাকর্মীরাও শোক প্রকাশ করেছেন। রোববার (১১ অক্টোবর) বিকাল তিনটায় মরহুমের জানাজা শেষে সামাজিক কবর স্থানে তাকে দাফন করা হয়।






