
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) CAD Modeling and Simulation: Skills, Careers and Industry Perspective (কম্পিউটারের সাহায্যে নকশা প্রণয়ন ও সিমুলেশন: প্রয়োজনীয় দক্ষতা, পেশাগত সুযোগ ও শিল্প ক্ষেত্রের চাহিদা) শীর্ষক কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিভাগের সেমিনার হলে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন Galeo Lab-এর প্রতিষ্ঠাতা এবং সিএফডি ও এফইএ সিমুলেশন ইঞ্জিনিয়ার এনগ্র. রাকিবুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির মোল্ড ও ডাই উৎপাদন বিভাগের জুনিয়র এক্সিকিউটিভ প্রকৌশলী আলাউদ্দিন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফটিএনএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আজিজুল হক। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তানভীর আহমেদ আবির। সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান মারুফ। এতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইকবাল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনিছুর রহমান কম্পিউটার সহায়ক নকশা (সিএডি), মডেলিং ও সিমুলেশন প্রযুক্তির ব্যবহার, এ ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন, পেশাগত সম্ভাবনা এবং শিল্প প্রতিষ্ঠানে এসব প্রযুক্তির প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সময়ে সিএডি মডেলিং ও সিমুলেশন একটি আধুনিক ও সম্ভাবনাময় ক্ষেত্র। দেশ-বিদেশে এ বিষয়ে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং ভবিষ্যতে যানবাহনসহ বিভিন্ন ক্ষেত্রে আরও আধুনিক ও বহুমুখী প্রযুক্তির উদ্ভব ঘটতে পারে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির বিকাশ ও ব্যবহার যতই বাড়ুক না কেন, যে কোনো উদ্যোগের সফলতা, সততা ও ন্যায়নিষ্ঠার ওপর নির্ভরশীল। তাই শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলি চর্চা ও নৈতিক মূল্যবোধ ধারণ করতে হবে।
সেমিনারের বক্তারা আরও বলেন, সিএডি মডেলিং ও সিমুলেশন প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারবেন। এ ক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জন, প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং কর্মক্ষেত্রের উপযোগী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
সেমিনারে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।






