
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার বড়চওনা ইউনিয়নের ইকুরিয়াপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন সরকার (৩৫) ও দাড়িপাকা গ্রামের আব্দুর রহমানের ছেলে মজিবর রহমান (৫৫)।
ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ওই কিশোরী সখীপুর উপজেলার বড়চওনা বাজারের আল আমিন সরকার পরিচালিত একটি একাডেমিতে বাউল গান শিখতে নিয়মিত যাতায়াত করত। এ সময় যাতায়াতের পথে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। এ নিয়ে অভিযুক্তদের একাধিক শাসিয়ে দেওয়া হয়। ঘটনার দিন বুধবার (১৪ অক্টোবর) সকালে ভুক্তভোগী ওই কিশোরী (১৩) পাশের বাড়িতে যাওয়ার সময় নিখোঁজ হয়। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার (১৪ অক্টোবর) রাতে সখীপুর থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় পাশের উপজেলার ভালুকার ধানকুড়া রিসোর্ট থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ । এ সময় অভিযুক্ত দু’জনকে আটক করা হয়।
প্রাথমিকভাবে অভিযুক্তরা একটি প্রাইভেটকারে তুলে নিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছে। ওই দিন রাতেই পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, ধর্ষণ মামলায় দু’জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নিদের্শ দেয়।





