
স্টাফ রিপোর্টার ॥
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে পোস্ট দেওয়ায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন রুবেল চৌধুরী। তবে পোস্টে নিজের কষ্ট বা ক্ষোভের কারণ উল্লেখ করেননি তিনি।
পরে এ বিষয়ে জানতে চাইলে রুবেল চৌধুরী সাংবাদিকদের বলেন, রাজনৈতিক অনেক বিষয় আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ক্ষতি হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে খুব পণ্ডিত মনে করেন। তিনি বিএনপি করলেও ভারতের “র”-এর এজেন্ট হিসেবে কাজ করছেন বলে আমি মনে করি। এ কারণে তাঁর পদত্যাগ করা উচিত।
এ ধরনের পোস্ট দেওয়ার এক দিন পর তিনি ফেসবুক থেকে সেটি মুছে ফেলেন। তবে পোস্টটির স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। রুবেল চৌধুরীর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে সখীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল বলেন, তাঁকে বারবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি।






