
স্টাফ রিপোর্টার ॥
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৯টি গরুবাহী একটি পিকআপ ভ্যানে ডাকাতির চেষ্টা চালায় একদল ডাকাত। এ সময় টহলরত হাইওয়ে পুলিশ বুঝতে পেরে ঘটনাস্থলে পৌঁছাতেই দ্রুত পালিয়ে যান দলের সদস্যরা। ধরা পড়েন শুধু মিজান মিয়া (৫০) নামের একজন। পরে থানায় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আটককৃত মিজান মিয়া (৫০) নামে দেশের বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ৩৪টি মামলার আসামী মিজান একজন চিহ্নিত অপরাধী। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে ৩৪টি মামলা রয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের মিডিয়া শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। একটি সাদা মাইক্রোবাসে করে আসা পাঁচ থেকে ছয়জনের একটি ডাকাত দল নীল রঙের গরুবাহী পিকআপটির (ঢাকা মেট্রো-ন-২২-০৫৫৯) গতি রোধ করে ডাকাতির চেষ্টা করে।
বিজ্ঞপ্তিতে আরও লা হয়, আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে নামিয়ে দেন। অপর ব্যক্তিকেও নামানোর জন্য তাঁরা ধস্তাধস্তি করছিলেন। এ সময় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যরা মাইক্রোবাসে করে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করে জব্দ করা হয়। পলাতক বাকি ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।






