
স্টাফ রিপোর্টার ॥
নিষিদ্ধ ঘোষিত সংগঠন মির্জাপুর উপজেলা ছাত্রলীগ নেতা সৌরভ সিকদারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সড়কে চাঁদা আদায়ের অভিযোগে সদ্য বহিষ্কৃত মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কবীর সিকদারের ছেলে ছাত্রলীগ নেতা সৌরভ সিকদার।
মির্জাপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌরভ নিজেকে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ভাগিনা হিসেবে পরিচয় দিতেন। এছাড়া একাধিক টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক এমপি শামীম ওসমান, নজরুল ইসলাম খান বাবু, সাইফুজ্জামান শিখরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে জানা গেছে।
সৌরভ সিকদার টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কোনো পদে না থাকলেও আগামীতে শীর্ষ পদে পদপ্রার্থী ছিলেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত বলে বক্তব্য দিয়েছিলেন এই ছাত্রলীগ নেতা।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিগত ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হন মির্জাপুরের সুজন মিয়া। পরে তিনি দ্রুত বিচার আইনে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ছাত্রলীগ নেতার সস্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।






