
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়। এ সময় কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে আর্ন প্রকল্পের ইনসেপশন মিটিং ও ইউসিসি (টঈঈ) কমিটি গঠন হয়। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী।
তিনি বলেন, যুব সমাজ বেকারত্ব দূরীকরণের বোঝা নয়, তারা আমাদের দেশের সবচেয়ে বড় চালিকাশক্তি। বিশেষ করে আমাদের যুব নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই প্রবৃদ্ধি অসম্পূর্ণ থেকে যাবে। আর্ন প্রকল্পের প্রতিটি পদক্ষেপ সেই ব্যবধান ঘুচিয়ে একটি বৈষম্যহীন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে। আসুন, আমরা সকলে মিলে এই প্রকল্পের সুফল ঘরে ঘরে পৌঁছে দিই এবং আমাদের তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে সোনার বাংলাদেশ গঠনে একযোগে কাজ করি। এই আহ্বান রেখে আর্ন প্রকল্পের সাফল্য কামনা করেন তিনি। সভায় আর্ন প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন পরিকল্পনা পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর ডেপুটি ডিরেক্টর জগদীশ রায়।
তার বক্তব্যে প্রকল্পের সুযোগ সুবিধা ও বিভিন্ন স্টেক হোল্ডারদের করনীয় বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেন। নিট যুবসমাজ যেন প্রশিক্ষণ শেষে শতভাগ কর্মমূখী হয় তার জন্য উপজেলার সকল স্টেক হোল্ডারদের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের প্রশ্নত্তোর পর্বে তিনি সকলের প্রশ্নের উত্তর প্রদান করেন ও প্রকল্পের গভীরের বিভিন্ন প্রয়োজনীয় বিষয় ব্যাখ্যা করেন। সভায় জানানো হয় বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত আর্ন প্রকল্পের মাধ্যমে অত্র উপজেলায় ২ হাজার ২৪০ জন যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হবে। ২৭ মাস ব্যাপি এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ পরবর্তী উদ্যোক্তা তৈরী ও কর্মসংস্থান তৈরী করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধিগণ সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। তিনি তার বক্তব্যে বলেন, আর্ন প্রকল্পের প্রতিটি পদক্ষেপ কালিহাতী বাসির বিশেষ করে বেকার যুব-সমাজের কর্মসংস্থানে অগ্রণী ভুমিকা রাখবে। এ সময় প্রকল্প চলাকালীন সকল ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন তিনি।





