
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন আয়োজিত নূরানী স্কলারশিপ ঘাটাইল কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ঘাটাইল বাইতুন নূর কওমি মাদ্রাসায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ঘাটাইল উপজেলার অর্ধশতাধিক নূরানী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মাহদী হাসান শিবলী।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল বাইতুন নূর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আরিফুল ইসলাম আজহারী, সংগঠনের সহ-সভাপতি মাওলানা নোমান আহমেদ, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আব্দুর রশিদ, ঘাটাইল উপজেলা জিম্মাদার মুফতি জুবায়ের আকন্দ, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান মিরাজ এবং বাইতুল্লুর মাদ্রাসার নূরানী সমন্বয়ক আরিফুল ইসলাম।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, চলতি বছর নূরানী স্কলারশিপ পরীক্ষায় প্রায় ৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে। টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ এবং ময়মনসিংহের আংশিক অঞ্চলের বিভিন্ন নূরানী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিগত ২০১৬ সালে প্রতিষ্ঠিত টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন নূরানী শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আগামী (১০ ডিসেম্বর) পর্যন্ত ধাপে ধাপে এ বছরের পরীক্ষা চলবে। আগামী (২৪ ডিসেম্বর) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। মেধাতালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বাইসাইকেল ও বিভিন্ন শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে প্রদান করা হবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।






