
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিসিডিওএ) উপজেলা শাখার ২০২৬-২৯ মেয়াদের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন হেলাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনায়েত করিম রাজু। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ঘাটাইলের পপুলার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি ঘোষণা করেন, টাঙ্গাইল প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা শাখার প্রচার সম্পাদক কামাল হোসেন। নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, সাবেক ভিপি ও ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান, পৌরসভার সাবেক কমিশনার শাহাদত হোসেন শামীম এবং ঘাটাইল ট্রাক মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিক।
কমিটির কার্যকরী সভাপতি হয়েছেন আব্দুল্লাহ হক। সহ-সভাপতি হিসেবে রয়েছেন রবিউল ইসলাম, সোহেল রানা ও আব্দুল রহিম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফয়েজুর রহমান রকি, কোষাধ্যক্ষ দুলাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক সুমন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী, জাহিদুল ইসলাম বাবু, আবিদ, আব্দুর হোসেন, মেহেদী হাসান লিপুসহ অন্যরা।
কমিটি অনুমোদন দিয়েছেন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ছাইদুল হক ছাদু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জগলুল হায়দার সিদ্দিকী সোহেলসহ স্থানীয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নতুন এই কমিটির মাধ্যমে ঘাটাইলের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, ঐক্য ও পেশাগত সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।





