
স্টাফ রিপোর্টার ॥
প্রকৃত মালিক ছাড়াই টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠনের প্রতিবাদে এবং নতুন কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ট্রাক মালিকদের একটি অংশ। শনিবার (১৩ সেপ্টেম্বর)সকালে টাঙ্গাইল প্রেসক্লাব কনভেনশন সেন্টারে লিখিত বক্তব্য রাখেন, জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে বিনা নির্বাচনে অগণতান্ত্রিকভাবে প্রকৃত ট্রাক মালিকদের না জানিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। গঠনকৃত কমিটির সদস্য বেশীর ভাগই কোন ট্রাকের মালিক নন। এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক সুবিধাভোগীরা এই কমিটিতে রয়েছে। মালিকবিহীন লোকজনদের নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তা আমরা প্রত্যাখান করছি।
একই সাথে গঠনতন্ত্র বহির্ভূত এই অবৈধ কমিটি অবিলম্বে কমিটি বাতিল করে প্রকৃত মালিকদের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনরায় কমিটি গঠনের জোড় দাবি জানাচ্ছি। আগামী ৭ কার্যদিবসের মধ্যে এই পকেট কমিটি বিলুপ্ত করে প্রকৃত ট্রাক মালিকদের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন করে কমিটি গঠন করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার ট্রাক মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।






