
স্টাফ রিপোর্টার ॥ র্যাবের অভিযানে টাঙ্গাইল সদর থানার মেরাজ (১৭) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ সোহেল (২০) গ্রেফতার হয়েছে। সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল সিপিসি-২ , র্যাব-১, উত্তরা ঢাকা এর সহায়তায় শনিবার (৪ অক্টোবর) সন্ধায় ঢাকার দক্ষিনখান থানার গাওয়াইর বাজার থেকে তাকে গ্রেফতার করে। রোববার (৫ অক্টোবর) দুপুরে সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার এজাহারসূত্রে জানা যায়, ভিকটিম মেরাজ (১৭) ও ধৃত আসামী মোঃ সোহেল (২০) একই এলাকার বাসিন্দা এবং একে উপরের বন্ধু। গত ৪ এপ্রিল রাত আটটায় ব্যাডমিন্টন খেলার কথা বলে ধৃত আসামী ভিকটিম মেরাজ কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ধৃত আসামী এবং ভিকটিমের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিম মেরাজ খেলা বাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে টাঙ্গাইল জেলার সদর থানার বীরপুশিয়া জুম্মাবাড়ি জামে মসজিদের সামনে পৌছালে ধৃত আসামী এজাহারনামীয় অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিম মেরাজ কে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের দাদা ৬ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়েরের পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল ধৃত আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সিপিসি-২ , র্যাব-১, উত্তরা ঢাকা এর সহায়তায় শনিবার (৪ অক্টোবর) সন্ধায় ঢাকার দক্ষিনখান থানাধীন গাওয়াইর বাজার, মাদ্রাসা রোড, উমর ফারুক জেনারেল স্টোর এর সামনে হতে টাঙ্গাইল জেলার সদর থানার মেরাজ (১৭) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ সোহেল (২০), জেলা- টাঙ্গাইল’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে






