
গোপালপুর প্রতিনিধি ॥
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট থেকে আসা পিকআপ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আলুবোঝাই একটি পিকআপ থেকে ৪০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র্যাব। র্যাব-১৪ এর ৩নং কোম্পানির এডি শামসুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সামসুল হক (৩২), পিকআপের চালক মোহাম্মদ জয় (৩০) এবং হেলপার ইয়াসির আরাফাতকে (৩৩) আটক করা হয়।
জয় ও ইয়াসির আরাফাত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। এ সময় পিকআপ থেকে গাঁজা ভর্তি দুটি বস্তায় ৪০ কেজি জব্দ করা হয়।
জানা যায়, আলুবোঝাই পিকআপটি সিলেট থেকে গোপালপুরে এসেছিল। পাগলা বাজার সংলগ্ন এলাকায় আসার পর গাড়িটিতে অভিযান পরিচালনা করা হয়। এতে চালক, হেলপার এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় স্থানীয় একজন সহযোগীকে আটক করা হয়। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে গোপালপুর থানার (ওসি) রুহুল আমিন বলেন, এটা র্যাব করছে শুনছি, আমার কাছে এ বিষয়ে কোন অভিযোগ বা মামলা আসেনি। র্যাব সাধারনত আগে অফিসে নিয়ে যায়। পরবর্তীতে থানায় মামলা দেয়।






