
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে ১২ বছরের এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান আসামি মেহেদীকে (২২) মধুপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল এসআরবি-১৪, সিপিসি-৩ দল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মধুপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল এসআরবি-১৪, সিপিসি-৩ সূত্র জানায়, গত (১১ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে কোচিং করার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। এ সময় আগে থেকে সেখানে অবস্থান করা মেহেদীসহ কয়েকজন তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, অজ্ঞাত স্থানে আটকে রেখে আসামি মেহেদী ওই স্কুলছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। পরে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত (১৯ জুলাই) ধনবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারায় মামলা করা হয়। মামলার পর থেকেই আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলো।
পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামি মেহেদীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের ধনবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।





