
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে। এর আগে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদর্শিত হয়।
প্রদর্শনী শেষে আলোচনা সভায় দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যুথীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর, দেলদুয়ার থানা চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আঙ্গিনা, সরকারি কোয়ার্টার ও শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয় আঙ্গিনায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন স্প্রে ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।






