
স্টাফ রিপোর্টার ॥
প্রথম আলোর টাঙ্গাইলের নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক কামনাশীষ শেখরের মা শান্তি সাহা মারা গিয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
দুপুর ১২টার দিকে তার মরদেহ টাঙ্গাইল কেন্দ্রীয় কালীবাড়ীতে কিছু সময় রাখা হয়। এরপর কাগমারী রাণী দীনমনি শশানঘাটে তার দাহ করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রয়াত শান্তি সাহার আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য প্রার্থনা করেন।






